পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও এক ইউটিউবার গ্রেপ্তার হয়েছেন। সর্বশেষ গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ‘জান মহল’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন।
জানা গেছে, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এ রকম একাধিক ভারতীয় নাগরিকের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে এর আগে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে তার যোগাযোগ নিশ্চিত হওয়া গেছে। পুলিশের দাবি অনুযায়ী, সদ্য গ্রেপ্তার ব্যক্তি একই চক্রের সদস্য।
দ্য হিন্দুস্তান টাইমস পুলিশের বরাতে জানায়, ভারতের পাঞ্জাবের রূপনগরের মহলান গ্রামের বাসিন্দা ইউটিউবার জসবীর সিংকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পাঞ্জাব পুলিশের ডিজিপি জানান, জসবীর পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির করতেন।
পুলিশ জানিয়েছে, দানিশ দিল্লিতে অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় দিবসের এক অনুষ্ঠানে জসবীর সিং-কে আমন্ত্রণ জানিয়েছিলেন। যেখানে তিনি পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেন।
জসবীর সিং ২০২০, ২০২১ ও ২০২৪ সালে পাকিস্তান ভ্রমণ করেন। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা ইলেকট্রনিক ডিভাইসগুলোতে একাধিক পাকিস্তান ভিত্তিক মোবাইল নম্বর পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, জব্দ ডিভাইসের ফরেনসিক বিশ্লেষণ চলছে। জ্যোতি মালহোত্রা গ্রেপ্তারের পর জসবীর তার ডিভাইস থেকে চক্রের সঙ্গে যুক্ত থাকার সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেন। তবে আমরা ফরেনসিকের মাধ্যমে সেসব উদ্ধারের চেষ্টা করছি।
জসবীরের আগে ভারতীয় নারী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়। ৩৩ বছর বয়সী জ্যোতি মালহোত্রা হরিয়ানার হিসারের বাসিন্দা এবং ‘ট্রাভেল উইথ জিও’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন।
মন্তব্য করুন