কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় একদিনে দুইজন শফিকুল ইসলামের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া একইদিনে এক কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আত্মহত্যা
বুধবার (২০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ধলিয়াকোনা গ্রামে শফিকুল ইসলাম (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেন। তিনি মৃত জাহের উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম বাড়ির পাশে রেন্ট্রিগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছিলেন। পথচারীরা লাশ দেখে কেন্দুয়া থানার পুলিশকে খবর দেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
অপরদিকে, একইদিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আরেক শফিকুল ইসলাম। তিনি মতিউর রহমানের ছেলে। পরিবার জানায়, বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হলে দ্রুত তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুল হক জয় তাকে মৃত ঘোষণা করেন।
অপহরণ ও মুক্তিপণ দাবি
এদিন দুপুরে কেন্দুয়া থেকে সাহিতপুর যাওয়ার পথে মনিরুল ইসলাম ভুট্টোর ছোট ভাই (১৭) নিখোঁজ হন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার পর বালিজুড়া বাজার সংলগ্ন নির্জন স্থানে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ১৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন (Motorola Edge g85) ছিনতাই করে নেয় অপহরণকারীরা। পরিবার দাবি করছে, তাকে অচেতন করে অর্থ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মুক্তিপণের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল।
কেন্দুয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। একদিনে পরপর মৃত্যুর ঘটনা ও অপহরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
No tags found for this post.
মন্তব্য করুন